আশাশুনি উপজেলার দরগাহপুর ও কুল্যা ইউনিয়নে ঘোড়া প্রতীকের পক্ষে পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) বিকাল ৫ টায় এ জনসভা অনুষ্ঠিত হয়। দরগাহপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু কুমার রাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের প্রার্থী খাজরা ইউনিয়ন থেকে টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনওয়াজ ডালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ রাজ্যেশ্বর কুমার দাশ। আরও বক্তব্য রাখেন, দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল আলম ডাবলু, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আলীম মোল্যা, সদরের সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কুল্যার সাবেক চেয়ারম্যান আবদুল বাছেত আল হারুন চৌধুরী, আনুলিয়া সাবেক চেয়ারম্যান নুরুল আলম, বিকাশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সহ ১১ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য আসাদুজ্জামান মুকুল ও আবুল হাসান।
প্রধান অতিথি ও ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম শাহনওয়াজ ডালিম তার বক্তব্যে বলেন, একুশে মে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। জোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরে জয় লাভ করার সুযোগ নেই। অতীতের নির্বাচন আর এবারের নির্বাচন অনেক ভিন্ন। তাই তিনি প্রতিপক্ষ চিংড়ি মাছের প্রার্থীর উদ্দেশ্যে বলেন, এবার পড়াশোনা করে পাস করতে হবে টুকে পাশ করার সুযোগ নেই। জনগণ যাকে চাইবে তাকে তার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই চিংড়ি মাছের সমর্থকরা আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। কয়েক জনকে মারপিট করা হয়েছে। তিনি আরো বলেন, জয়লাভ করতে পারলে মানিকখালী ব্রিজের টোল জনগণের জন্য অবমুক্ত করা হবে। উপজেলার অবহেলিত রাস্তাঘাট কালভাট ব্রিজ নির্মান, জলাবদ্ধতা নিরসন সহ অবহেলিত মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিতে তিনা জনগণের ভোট প্রার্থনা করেন। সন্ধ্যা ৭ টায় কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি মাদ্রাসা প্রাঙ্গণে শেষ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।