পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, কাজের গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নদী ভাঙন রোধে সারাদেশের সকল প্রকল্পের কাজ শেষ করা হবে। একই সাথে দ্রুততার সাথে কাজ করছে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।
রোববার সকালে পানি উন্নয়ন বোর্ড বরিশাল কর্তৃক বাস্তবায়িত সুগন্ধা নদীর ভাঙন থেকে বরিশাল বিমানবন্দর এলাকা রক্ষা প্রকল্পের আওতায় চলমান ১.৬০০ কিলোমিটার নদী তীর ড্রেজিং ও ৪৯৬ মিটার স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
বিমানবন্দর এলাকা রক্ষা প্রকল্পের আওতায় চলমান নদীর তীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলসহ সারাদেশে বন্যা, নদী ভাঙন ও জলাবদ্ধতা মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।