অনলাইন জুয়ারী ও ব্যবসায়ী ইব্রাহিম খান কামরানকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামরান অনলাইনে জুয়া খেলাসহ এ্যাপস্’র একাধিক এজেন্ট একাউন্টের মাধ্যমে প্রায় ৭০/৭২ জন অনলাইন জুয়ারীর কাছে কয়েন (পয়েন্ট) কেনাবেচা করতো।
রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যামে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা। গ্রেপ্তারকৃত ইব্রাহিম খান কামরানের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যারমধ্যে তার (কামরান) ব্যবহৃত নগদ ও বিকাশ একাউন্টে ২ লাখ ৭৩ হাজার টাকা পাওয়া গেছে।
উপ-কমিশনার বলেন, ইব্রাহিম খান কামরান নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা আবুল কালাম খানের ছেলে। জিজ্ঞাসাবাদে কামরান স্বীকার করেন, সে একজন অনলাইন জুয়ারী ও ব্যবসায়ী। আসামি কামরান জানিয়েছে সোহেল, নুর ইসলামসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনে তাকে অনলাইন জুয়া ব্যবসাসহ কয়েন (পয়েন্ট) কেনাবেচায় সাহায্য করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক।