ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াতে আর এক মাসও বাকি নেই। এমন সময়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এখনও অবশ্য ক্লাব বায়ার্ন মিউনিখেই আছেন তিনি। সেখানেই কোচ টমাস টুখেল শুক্রবার জানিয়েছেন, পিঠের সমস্যায় ভুগছেন কেইন। বুন্ডেসলিগায় শেষ রাউন্ডে শনিবার হফেনহাইমের মাঠে খেলবে বায়ার্ন, ম্যাচটিতে তারকা স্ট্রাইকার খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন টুখেল। বায়ার্ন কোচ আরও বলেছেন, গত ৮ মে রেয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে থেকেই এই চোটে ভুগছেন কেইন। তবে শুরুতে ব্যথা কম ছিল এবং সেমি-ফাইনালের ফিরতি লেগের ওই ম্যাচ পুরোটা সময় ব্যথা নিয়েই খেলেন তিনি। তবে এরপর আর খেলার অবস্থায় নেই ৩০ বছর বয়সী ফুটবলার। “ব্যক্তিগত চিকিৎসকের অধীনে হ্যারির চিকিৎসা চলছে।” “এই অবস্থায় সে যাত্রা করতে পারবে না। মাদ্রিদে ম্যাচেই সে তার সহ্যসীমার শেষ পর্যায়ে ছিল। তার লাম্বার স্পাইন ব্লকেজ, অবস্থা আরও খারাপ হয়েছে এবং নড়াচড়া করলেই সে ব্যথা অনুভব করছে।” গত সপ্তাহে ভলফসবুর্কের বিপক্ষে লিগ ম্যাচেও খেলতে পারেননি কেইন। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল বায়ার্ন। দলগত পারফরম্যান্সের বিচারে বায়ার্নের জার্সিতে অভিষেক মৌসুটা একেবারেই ভালো কাটেনি কেইনের; ১১ মৌসুম পর দলটি হারিয়েছে বুন্ডেসলিগার মুকুট, কোনো শিরোপাই জিততে পারেনি তারা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মৌসুমজুড়েই আলো ছড়িয়েছেন কেইন। বুন্ডেসলিগায় চারটি হ্যাটট্রিকসহ মোট ৩৬ গোল করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৪ গোল, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১২টি। কেইনের এই চোট ইংল্যান্ড জাতীয় দলের জন্য হতে পারে বড় দুর্ভাবনার। আগামী ১৪ জুন জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ইংলিশদের শিরোপাস্বপ্ন অনেকটাই এই তারকাকে ঘিরে। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি। এবারের অভিযানের জন্য আগামী মঙ্গলবার দল ঘোষণা করবেন কোচ গ্যারি সাউথগেট। চোটাক্রান্ত হওয়ার পরও কেইনের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। ইউরোর মূল লড়াইয়ে নামার আগে আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড; আগামী ৩ জুন বসনিয়া ও হার্জেগোভিনা এবং ৭ জুন আইসল্যান্ডের বিপক্ষে। আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মূল টুর্নামেন্টে যাত্রা শুরু হবে ইংল্যান্ডের। গতবারের রানার্সআপদের সঙ্গে ‘সি’ গ্রুপে আরও আছে ডেনমার্ক ও স্লোভেনিয়া।