নোয়াখালীর সেনবাগে আগামী ২১ মে অনু্িষ্ঠতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর ও নির্বাচনী প্রচারকারী এক কর্মী এবং সিএনজি চালককে মারধর করে মাইকের ব্যাটারী, বাদ্যযন্ত্র ঝুনঝুনি ও ডোল লুট নেওয়ার অভিযোগ ওঠেছে আনারস মার্কার চেয়ারম্যান পদ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ওই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে বৃস্পতিবার রাতে উপজেলার ছরিম মুন্সিরহাট বাজারে চৈতি থাই এ্যালমুনিয়াম দোকান সংলগ্ন রাস্তার ওপর।
দোয়াত কলম মার্কার প্রার্থী সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী ও সাবেক পৌর সভার মেয়র আবু জাফর টিপু অভিযোগ করে জানান, তার দোয়াত কলম মার্কার জোয়ার দেখে প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থী সেনবাগের এমপি মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু দিশেহারা হয়ে তার প্রচার কাজে বাঁধা দিয়ে কর্মী সমর্থকদের মারধর করে প্রচার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, মাইকের ব্যাটারী বাদ্যযন্ত্রের জিনিস পত্র লুট করে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে আনারস মার্কার প্রার্থী সাইফুল আলম দিপুর মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ প্রচার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের মৌখিক একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তবে, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।