নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক বাতির ত্রুটি দেখা দেয়ায় রাত্রীকালীন তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কেন ত্রুটি দেখা দিল তা বিমানবন্দরের প্রকৌশল বিভাগ খুঁজে দেখছে।
১২ মে রাতে রানওয়ের জলন্ত বাতিগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে অন্ধকারে পরিনত হয় বিমানবন্দর রানওয়ে। আর ওই কারণে কোনো বিমান ওঠানামা করতে পারেনি।
জানা যায়, নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় সন্ধ্যার পর থেকে রাত নয়টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভো এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি করে বিমান যাত্রীসেবা দিতে পারেনি। ফলে সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে দুই শতাধিক যাত্রী আটকা পড়ে।
বেসরকারি বিমান সংস্থার একজন কর্মকর্তা জানান, রানওয়েতে আলো না থাকায় উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি। এ সময় লাউঞ্জে অনেক যাত্রী আটকা পড়েন। তাই রাতের ফ্লাইটগুলো বাতিল করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে আলো না থাকার কারণে কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।