ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ভিআইপি গ্যালারির নিচের সারিতে দেখা গেল তাঁকে। গ্যালারির সিঁড়িতেই কিছুক্ষণ ওয়ার্মআপ করলেন তারিক কাজী। এরপরই সবার আগে নেমে পড়লেন মাঠে। সতীর্থরা তখনো ড্রেসিংরুমে, কেউই মাঠে নামেননি। তারিকের এই তোড়জোড়ের বিশেষ কারণ আছে। সেটা চোট থেকে ফিরে আসার। একটু পরই ওয়ার্মআপ করতে একে একে মাঠে নেমে পড়েন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। তখনো তারিক যেন আলাদা। একা একাই মাঠের দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত দৌড়ালেন বেশ কয়েকবার। মাঠে নামার আগে নিজের সর্বশেষ অবস্থা কী, সেটাও জানিয়েছেন কিংসের রক্ষণভাগের এই খেলোয়াড়, ‘এখন বেশ ভালো আছি। কবে ফিরব জানি না, তবে আশা করি দ্রুত আমাকে দেখতে পাবেন।' গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ফেডারেশন কাপের ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। সেই আঘাতই ভোগাচ্ছে তাঁকে। চোটের কারণে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচও মিস করেছেন তিনি। মার্চে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচে খেলা হয়নি তাঁর। প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষেও ছিলো না সে। দর্শক হিসেবে মাঠে থাকলেও নিজেকে ফিরে পাওয়ার কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন তিনি।