সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিতের জন্য অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সামগ্রিকভাবে অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করতে হবে।
শনিবার (১১ মে) বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশব্যাপী তিন দিন (১২, ১৩ ও ১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নেন্স গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ অডিট। প্রতিনিয়ত পরিবর্তনশীল অর্থনৈতিক বিষয় ও তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানের প্রচলিত কমপ্লায়েন্স ও ফিন্যান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট, আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক অডিট পরিচালনা করছে।
অর্থমন্ত্রী আরও বলেন, অডিট ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে এনে, সময়ের সাথে এর উৎকর্ষ নিশ্চিত করে যথাযথ বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। সামগ্রিকভাবে অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে সরকারের আর্থিক সম্পদের দক্ষ ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করতে হবে।
গণতান্ত্রিক সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য শক্তিশালী ও সুসংহত কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের গুরুত্বের ওপর জোর দেন অর্থমন্ত্রী।
সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারি সম্পদ ব্যবহারে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির সমন্বিত কার্যক্রম প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন বিশেষ অতিথি হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, গুণগত মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা তথা সুশানের পথ সুগম করার জন্য বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও তা বাস্তবায়নে সদা সচেষ্ট।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় দৈনন্দিন রুটিন সেবা ছাড়াও অডিট অধিদপ্তরসমূহে অডিট বিষয়ক সেবা এবং বেতন-ভাতা, পেনশন, জিপিএফ-সহ অন্যান্য বিশেষ সেবাদান করা হবে দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে।