বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। কিন্তু বিদ্যুতের চাহিদা সরকার মেটাতে পারছে না। তার হাতে উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু তারপরও লোডশেডিং করতে হচ্ছে। এই গরমে গ্রামে এমন মাত্রায়ও লোডশেডিং করতে হয়েছে, যা সহনযোগ্য নয়। শুধু তাই নয়, একদিকে যেমন সরকার চাহিদা মতো ভোক্তাকে মানসম্মত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছে না, অন্যদিকে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে। বছরের পর বছর সরকার বলেছে, একসময় সরকার সবাইকে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। কিন্তু বাস্তবে অন্যরকম। একদিকে সরকার বিদ্যুতের ভর্তুকি ওঠানোর কথা বলছে, অন্যদিকে বারংবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তাহলে এত উন্নয়ন, এত চিৎকার, এত উৎসব আয়োজনের পরেও বিদ্যুৎ খাত নিয়ে এভাবে জনগণকে চাপের মুখে ফেলছে কেন সরকার? গত বছর তিনবার ও চলতি বছর একবার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের এ ধরনের পদক্ষেপে আইএমএফ খুশি হলেও দেশের মানুষের খুশি হওয়ার কোনো কারণ দেখি না। আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বরাবর ভর্তুকি দেওয়ার বিপক্ষে এবং তারা প্রায় সব উন্নয়নশীল দেশের জন্য অভিন্ন ব্যবস্থাপত্র দিয়ে থাকে। এই ব্যবস্থাপত্রে অনেক দেশের অর্থনীতি ডুবলেও তাদের কিছু আসে যায় না। এমনকি বিদ্যুতের উৎপাদন খরচ কেন বাড়ল, কেন জ্বালানি খাত ক্রমেই পরনির্ভরশীল হয়ে পড়ল, সেসব প্রশ্নের জবাবও নেই। এ অবস্থায় শিল্পকারখানার উৎপাদন যে মারাত্মকভাবে হ্রাস পাঁচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। অতএব, বিদ্যুৎ খাতের এ অবস্থার জন্য দায়ী, দুর্নীতি, অপচয় ও ভুল নীতি। সরকার দেশি গ্যাস অনুসন্ধান না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে ফেলেছে। এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভর্তুকি গুনতে হচ্ছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পাঁচ বছরের জন্য চালু রাখার কথা থাকলেও সরকার সেটি ১৫ বছরে নিয়ে এসেছে। জ্বালানির নিশ্চয়তা ছাড়াই একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি করেছে। এখন আমাদের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। বসিয়ে রাখতে হলে এসব বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (কেন্দ্র ভাড়া) দিতে হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে। এই অপচয় কিংবা ভর্তুকির দায় ভোক্তারা কেন নেবেন? যেখানে বিদ্যুতের দাম বাড়ালে পণ্যের উৎপাদন খরচও বাড়বে, যা কোনোভাবে কাম্য নয়। তাই দফায় দফায় দাম না বাড়িয়ে সরকারের উচিত বিদ্যুৎ খাতে বিদ্যমান অপচয়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা।