ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে চমক দেখালেন বিএনপি’র বহিস্কৃত নেতা হানিফ আহমেদ (তালা)। গত ৮ই মে’র নির্বাচনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শক্তিশালী নেতাকে পরাজিত করে জয়লাভের মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। বেসরকারীভাবে প্রকাশিত ফলাফলে হানিফ আহমেদ তালা প্রতীকে ৩৫৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. হোসেন মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮৮৫২ ভোট। হানিফ দলকে বুঝিয়ে দিলেন জনসম্পৃক্ততা ও জনগণের ভালবাসার টানেই নির্বাচন করতে হয়েছে। নতুবা জনবিচ্ছিন্ন হয়ে যেতেন। এখানকার মানুষ কথা রেখেছেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ধাপে অনুষ্ঠিত সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি’র ৪ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপি দলীয় হাই কমান্ডের নির্দেশে চেয়ারম্যান পদ প্রার্থী সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু ও সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে তারা দু’জনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা আক্তার ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি হানিফ আহমেদকে বহিস্কার করা হয়। গত ২৬ এপ্রিল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রূহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কারাদেশ নিশ্চিত করা হয়। বহিস্কার হওয়ার পরও নির্বাচনী মাঠে লড়াই করেছেন হানিফ। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মাঠে ছিলেন। একপর্যায়ে লড়াইটা হয়ে পড়ে দ্বিমূখী। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হোসেন ও হানিফের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা গড়ে ওঠে। ভোটের মাঠেও আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন এই দুই প্রার্থী। বহিস্কারাদেশ নিয়ে নানা কানা ঘুষনা চললেও সামান্য বিচলিত হননি হানিফ। গতি বৃদ্ধি করে ছুটে চলেছেন ভোটারদের কাছে। হানিফের পক্ষে আওয়াজ তুলেন উপজেলা সদর থেকে তৃণমূলের নানা শ্রেণি পেশার ভোটাররা। সফল হয়েছেন হানিফ। প্রতিদ্বন্ধি প্রার্থীকে ৬৯৫৫ ভোটে পরাজিত করে জয়লাভ করেছেন তিনি। তৃপ্তির ঢেকুর তুলছেন ভোটাররা। বহিস্কারের পরও বড় ভোটের ব্যবধানে হানিফের জয় ভাবিয়ে তুলেছে স্থানীয় বিএনপিকে। হানিফ বলেন, যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাদের কাছে আমি ঋণী। আমি বিএনপিকে ভালবাসি। আশা করছি দল আমাদেরকে নিয়ে একটু ভাববেন।