রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার (০৮ মে) জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মাসুদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিএমএম আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ৪৬ জনের মৃত্যু হয়।