ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাতরিয়ে তিতাস নদী পার হতে গিয়ে সলিল সমাধি হলো দুবাই প্রবাসী কোরবান আলীর (৫৭)। চার সন্তানের জনক কোরবান আলী সরাইল সদরের মোগলটুলা গ্রামের প্রয়াত এন্তাজ আলীর ছেলে। স্ট্রোকের রোগী হওয়ায় মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন তিনি। শুক্রবার দুপুরে উপজেলার হাওর অঞ্চল সরাইল নাসিরনগরের সীমান্ত এলাকা পাকশিমুলের তেলিকান্দির শেষ প্রান্ত ধামতুলিয়া এলাকায় তিতাস নদীতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। সরাইল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল সদরের মোগলটুলার বাসিন্দা দুবাই প্রবাসী কোরবান আলী গত দুই মাস আগে দেশে এসেছেন। স্ট্রোকজনিত কারণে তিনি মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। গতকাল ফজরের নামাজ আদায় করে নিয়মিত সকালে হাঁটতেন। অন্যান্য দিনের মত শুক্রবার সকালে তসবিহ হাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। বিকেল ৪টার পর বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার ও স্বজনরা জানতে পারেন হাওর অঞ্চল পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও নাসিরনগরের ধামতুলিয়া এলাকায় কোরবান আলীর লাশ পড়ে আছে। প্রথম দিকে সীমানা নিয়ে দুই থানার পুলিশ টানাটানি করলেও বিকাল সাড়ে ৪টার পর সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যান। তেলিকান্দি গ্রামের ইউপি সদস্য ও একাধিক ব্যক্তি বলেন, দুপুর একটার দিকে মাছ ধরাবস্থায় কয়েকজন লোক দেখতে পান এখানকার তিতাস নদীতে একজন লোক পানির নীচে ডুবছে আবার ভাসছে। এমন করতে করতে হঠাৎ লোকটি আর ওঠেনি। স্থানীয় লোকজন নদীর ওই স্থানটিতে খুঁজতে শুরূ করেন। অনেক্ষণ পর তারা পানির নীচ থেকে কোরবান আলীর লাশ উদ্ধার করেন। পরিচয় না পাওয়ায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেন। নিহতের আপন ছোট ভাই হোসেন মিয়া বলেন, সকালে ভাই তসবিহ হাতে হাঁটতে হাঁটতে বিশ্বরোড চলে গিয়েছিলেন। স্ট্রোকের রোগী হওয়ায় মাঝে মধ্যে ওঁর ব্রেইন কাজ করতো না। সুযোগে সেখান থেকে অরূয়াইলগামী যাত্রী হিসেবে সিএনজি চালক তাকে নিয়ে গেছেন। এরপরই ভাই নিখোঁজ।
অরূয়াইল থেকে হয়তবা আবার সিএনজিতে করে ধামতুলিয়ার দিকে চলে গেছেন। সেখানে গিয়ে দিক হারিয়ে নদীতে নেমে গিয়েছিলেন। বিকেল পাঁচটার পর ভাইয়ের লাশের সন্ধান পেয়েছি। সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমে সীমানা নিয়ে একটু চিন্তিত ছিলাম। পরে পাকশিমুলের বিট অফিসার এসআই বাবুল হোসেনকে লাশ উদ্ধারের জন্য পাঠিয়েছি।