বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বললেন, দেশ চালাতে পারে না, নির্বাচন করতে পারে না। শুধু পারে বিএনপিকে দমন করতে, নির্যাতন করতে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন।
তিনি বলেন, অসহ্য গরমে পুড়ছে দেশ। সরকারের মিথ্যা কথা আর দুর্নীতির কারণে সৃষ্টিকর্তার লানত পড়েছে।
আবদুস সালাম বলেন, সরকার কালো চশমা পরায় দেশের মানুষের দুর্ভোগ দেখে না। একদিকে তীব্র তাপপ্রবাহ অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরম। এ অবস্থায় মানবেতর জীবন পার করছে দেশের মানুষ।
ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতির কারণে আওয়ামী লীগের আয় বেড়েছে, তবে জনগণের বাড়েনি বলে অভিযোগ করেছেন তিনি।
‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে দলীয় কার্যালয় তালাবদ্ধ রেখে সরকার বলছে বিএনপি নির্বাচনে আসে না। আমরা নির্বাচনে গেলে আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না জেনেই ভয় পায় ক্ষমতাসীনরা,’ যোগ করেন আবদুস সালাম।
তিনি আরও বলেন, সরকার ভোট দিতে দেয় না আবার বলে বিএনপি নির্বাচনে যায় না। নিরপেক্ষ নির্বাচন হলে দেখা যেত।