ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র বাকি ৩ দিন। কেন্দ্রের নির্দেশে বর্তমান সরকারকে অবৈধ বলছেন সরাইল উপজেলা বিএনপি। সেই অবৈধ সরকারের আগামী ৮ই মে’র নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। দলটির তৃণমূল নেতাকর্মীদের বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অথচ এই নির্বাচনে অংশগ্রহণ করতে স্বেচ্ছায় মনোনয়পত্র ক্রয় করে জমাও দিয়েছিলেন স্থানীয় বিএনপি’র প্রভাবশালী দুই নেতা সাবেক সম্পাদক সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও বর্তমান সম্পাদক অ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপু। বাকি ছিল শুধু প্রতীক বরাদ্ধ পাওয়া। এরইমধ্যে দলীয় সিদ্ধন্তে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ওই দুই নেতা। নির্বাচনে অংশ নেয়ায় ইতোমধ্যে সরাইলে বিএনপি’র শামীমা বেগম ও হানিফ আহমেদ সবুজ নামের দুই ব্যক্তিকে বরখাস্ত করেছেন দলটি। সরাইল বিএনপি’র দলীয় একাধিক সূত্র জানায়, টানা ১৬ বছর ধরে ক্ষমতার বাহিরে থাকা দলটির তৃণমূলে বিরাজ করছে হতাশা। হামলা মামলা গ্রেপ্তার আতঙ্কে অনেকটাই কোণঠাসা দলটির তৃণমূল। বিএনপি’র ঘাঁটি খ্যাত এই সরাইলে শুরূতে অন্তত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্থানীয় বিএনপি দলীয় একজন আসুক এমন প্রত্যাশা ছিল তৃণমূলের নেতা কর্মীদের। তৃণমূলে কিছুটা হলেও স্বস্থি ফিরে আসতো। তাই নির্বাচনে অংশ নিতে সরাইল উপজেলা বিএনপি’র বর্তমান সম্পাদক অ্যাডভোকেট নূরূজ্জামান লস্কর তপু মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। তাঁর আগে মনোনয়নপত্র ক্রয় করে অনলাইনে জমা দিয়েছিলেন দলটির সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সমগ্র বাংলাদেশের বিএনপি দলীয় নেতাদের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার তালিকা পেয়ে নড়েচড়ে বসেন দলটির জাতীয় স্থায়ী কমিটি। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন বর্জন করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। একসময় ওই দুই প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে সরাইলে নির্বাচন বর্জনের ডাক দেন। তখন থেকেই সরাইল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিএনপি দলীয় সকল নেতা কর্মী অবৈধ আওয়ামী লীগ সরকারের অবৈধ নির্বাচন বর্জনের ঘোষণার সাথে একাত্বতা পোষণ করেন। নির্বাচনটি অবৈধ ও এক দলীয় হওয়ার কারণে মানুষের মধ্যে খুব একটা আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা নেই। বিএনপি পন্থী অনেকে বলেই ফেললেন, আমরা এই নির্বাচন মানি না। মানবও না। নির্বাচন আসলে গ্রামের সর্বত্রই একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কিন্তু সরকারের সাজানো ও ডামি নির্বাচনে কোন ধরণের উৎসব বা উচ্ছ্বাস নেই। উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা তৃণমূলের সকল স্তরে ম্যাসেজ পাঠাতে শুরূ করেছেন- ৮ই মে তারিখে সরকারের সাজানো নির্বাচনের দিন বিএনপি’র কোন লোক যেন ভোট কেন্দ্রে না যায়। বিনা প্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের হওয়ারও প্রয়োজন নেই। বিএনপি বা অঙ্গসংগঠনের কোন নেতা কর্মীরা যদি নির্বাচনের কোন কাজে অংশগ্রহণ করেন। নিজে কেন্দ্রে ভোট দিতে যায়। অন্য কোন ভোটারকে ভোট দেওয়ার কাজে সহযোগিতা বা উৎসাহিত করেন। তাদের বিরূদ্ধে নেওয়া হবে দলীয় কঠোর ব্যবস্থা। শুধু বরখাস্ত নয়। প্রয়োজনে চীর দিনের জন্য তাদেরকে দল থেকে বের করে দেয়া হবে। মানুষ তাদের ডামি সংসদ নির্বাচন থেকে শুরূ করে আজকের নির্বাচন মেনে নেয়নি। মেনে নিতেও পারেন না। শুধু নেতা নয়, বিএনপি’র কোন সমর্থক যার দলটির প্রতি সামান্যতম ভালভাসা রয়েছে সেও ভোট কেন্দ্রে যাবে না। ফলে নির্বাচনের দিন ১০-১২ ভাগ কাষ্ট হয় কিনা সন্দেহ রয়েছে। আর এটা হবে ফ্যাসিষ্ট এই সরকারের জন্য লজ্জার বিষয়। সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপু বলেন, ৮ই মে সরাইলের ৮৫টি ভোট কেন্দ্র থাকবে জনমানব শুন্য। কারণ ৯টি ইউনিয়নের বিএনপি’র নেতা কর্মীরা অবৈধ আওয়ামী সরকারের নির্বাচন নামের নাটককে প্রত্যাখ্যান করেছেন। সাধারণ মানুষ ঘৃণা জানাচ্ছেন। একতরফা সাজানো নির্বাচনের আয়োজন করে অযথা দেশের কোটি কোটি টাকা খরচ করছেন। বিএনপি’র বর্তমান দাবী একদফা। সেটা হচ্ছে বর্তমান জুলুম সরকারকে দ্রƒততম সময়ের মধ্যে উৎখাত করতে হবে।