কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন পুরুষ ও ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী রয়েছে। অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার (২ মে) সর্বশেষ তারিখে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন-উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, আওয়ামী লীগ নেতা ও কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু ও ব্যবসায়ী আনারুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন-কয়লা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আসিকুর রহমান মুন্না ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১২ মে প্রার্থিতা প্রত্যাহার। ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ সাংবাদিকদের জানান।