কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার সেখ মোঃ জালাল উদ্দীন এই প্রতীক বরাদ্দ দেন। কচুয়া উপজেলায় ৩ পদে ৯জন প্রার্থী মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন কে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকৃত চেয়ারম্যান প্রার্থীর হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার পেয়েছেন ঘোড়া প্রতীক, বাগেরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস পেয়েছেন মটর সাইকেল প্রতীক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান পেয়েছেন আনারস প্রতীক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের ছেলে ও বর্তমান রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু পেয়েছেন দোয়াত কলম প্রতীক। এদিকে প্রতীক বরাদ্দকৃত ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন পেয়েছেন টিয়াপাখি প্রতীক। অন্যদিকে প্রতীক বরাদ্দকৃত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন হনুফা খাতুন পেয়েছেন কলস প্রতীক, মাধবী রানী শীল পেয়েছে প্রজাপতি প্রতীক ও মোসাঃ ইয়াসমিন আক্তার পেয়েছেন হাঁস প্রতীক। রিটার্নিং অফিসার সেখ মোহাম্মদ জালাল উদ্দীন জানান, সুষ্ঠভাবে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এদিকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। এদিকে সম্মেলন শেষে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েন প্রার্থীরা।