পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বরিশালে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিবছরের মতো এবছরও দেশীয় শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। দেশীয় বুটিকস, হাতে কাজ করা শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্যকরা গেছে।
পাশাপাশি নগরীর নতুন নতুন সব নামি দামি পোশাক ও জুতার শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ইতোমধ্যে কেনাকাটার চাপ বেড়ে যাওয়ায় নগরীর চকবাজার এলাকায় রিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে অনেকটা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।
নারী ক্রেতাদের কাছে ভারতীয় শাড়ির চাহিদা রয়েছে ব্যাপক। ছেলেদের পাঞ্জাবি ছাড়াও শার্ট, গেঞ্জি, জিন্স প্যান্ট, গ্যাবাডিং, ইন্ডিয়ান সুলতাল পাঞ্জাবির যথেষ্ট চাহিদা রয়েছে। তবে গত বছরের চেয়ে এবছর পোশাকসহ সকল পণ্যের দাম বেশি বলে দাবি করেছেন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতারা বলছেন, কোন পোশাক পছন্দ হলেই তারা নিতে পারছেন না। কারণ দামের সাথে বাজেট না মেলায় কেনা সম্ভব হচ্ছেনা। বিক্রেতারা বলছেন, এ বছর দ্রব্যমূল্যের দামে সবাই দিশেহারা। সেই তুলনায় জামা, জুতাসহ সব কিছুর দামই একটু বেশি। নগরীর টপটেন শো-রুমের ম্যানেজার মোঃ রাজু বলেন, বেচা বিক্রি ভালো। ঈদের কেনাকাটা জমে উঠেছে। আমরা ক্রেতাদের সব দিক মাথায় রেখে কালেকশন বাড়িয়েছি। এবারের ঈদে নায়রা, সারারা, গারারা, সাদা বাহার, সুতি, সিল্কসহ নানা নামের থ্রিপিস বিক্রি হচ্ছে বেশি। অপরদিকে, নগরীর বিপণী বিতানের পাশাপাশি শহরের আশেপাশের উপজেলাগুলোর হাট-বাজারের শপিংমলগুলোতে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে।