জামে মসজিদের ইমামের বেতনের টাকা কালেকশনকে কেন্দ্র করে দ্বন্ধের জেরধরে চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলিখার হাট জামে মসজিদের ইমামের মাসিক বেতনের টাকা কালেকশনের জন্য শুক্রবার দুপুরে স্থানীয় সিরাজ বেপারীর কাছে যায় কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়ার ভাতিজা রাকিব মিয়া। তখন সিরাজ বেপারী টাকা না দিয়ে উল্টো রাকিবকে মারধর করে। বিষয়টি নিয়ে দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এনিয়ে ওইদিন আছর নামাজের পূর্বে সিরাজ বেপারীর মেয়ে জামাতা নয়ন ও মাইনুলসহ ১০/১২ জনে ধারালো অস্ত্র নিয়ে ইমামের টাকা কালেকশনে যাওয়া রাকিবের বাড়িতে হামলা চালায়। এসময় রাকিবসহ তার বাবা গিয়াস উদ্দিন মিয়া, চাচা বাহাউদ্দীন মিয়া, বড়ভাই বজলু মিয়াকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী মুলাদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওইদিন রাতেই আশংকাজনক অবস্থায় বজলু মিয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাহাউদ্দীন মিয়া বলেন, সিরাজ বেপারির কাছে রাকিব মসজিদের ইমামের মাসিক বেতনের ধার্য্য টাকা কালেকশন করতে যায়। এসময় টাকার জন্য ইমামকে আসার কথা বলায় রাকিব তার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এ ঘটনার জেরধরে সিরাজ বেপারী তার দুই মেয়ের জামাতা ও তাদের সহযোগিদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।