তিন ব্যাটসম্যানকে হারিয়েই রান হয়ে গেল পৌনে দুইশ। নিশ্চিতভাবে শক্ত ভিত। সেখান থেকে তিনশ-চারশ রান করা কঠিন কিছু নয়। কিন্তু সিরিজে আরও একবার নাটকীয় ব্যাটিং ধসে ইংল্যান্ড গুটিয়ে গেল দুইশ পেরিয়েই। কুলদিপ ইয়াদাভ ও রবিচন্দ্রন অশ্বিনের দারম্নণ বোলিংয়ে ইংলিশদের অল্পতে থামানোর পর রোহিত শার্মা ও ইয়াশাসভি জয়সওয়ালের ফিফটিতে ব্যাটিংয়ে ভালো শুরম্ন পেল ভারত। ধারামশালায় পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন ইংল্যান্ড গুটিয়ে গেছে ২১৮ রানে। একটা পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ১৭৫। সেখান থেকে স্রেফ ৪৩ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় তারা। ওপেনার জ্যাক ক্রলির ৭৯ রান ছাড়া সফরকারীদের আর কেউ ত্রিশও ছুঁতে পারেননি। ভারতের তিন স্পিনার মিলে নেন সবগুলো উইকেট। কুলদিপ ও অশ্বিন মিলে ধরেন ৯ শিকার। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ৭২ রানে নেন ৫টি। ১২ টেস্টের ক্যারিয়ারে চতুর্থবার এই স্বাদ পেলেন তিনি। এ দিন ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে অশ্বিনের প্রাপ্তি ৫১ রানে ৪টি। দিন শেষে ভারতের রান ১ উইকেটে ১৩৫। আর কেবল ৮৩ রানে পিছিয়ে আছে তারা। ৫২ রানে খেলছেন অধিনায়ক রোহিত। আরেক ওপেনার জয়সওয়াল আউট হন ৫৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে। এই ইনিংসের পথে সিরিজে সাতশ ও ক্যারিয়ারে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম দিনে উইকেটে নতুন বলে মিলেছে সুইং ও সিম মুভমেন্ট। পুরনো বলে কিছু তীক্ষ্ণ টার্নও দেখা গেছে। তবে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল না মোটেও।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৭.৪ ওভারে ২১৮ (ক্রলি ৭৯, ডাকেট ২৭, পোপ ১১, রম্নট ২৬, বেয়ারস্টো ২৯, স্টোকস ০, ফোকস ২৪, হার্টলি ৬, উড ০, বাশির ১১*, অ্যান্ডারসন ০; বুমরাহ ১৩-২-৫১-০, সিরাজ ৮-১-২৪-০, অশ্বিন ১১.৪-১-৫১-৪, কুলদিপ ১৫-১-৭২-৫, জাদেজা ১০-২-১৭-১)
ভারত ১ম ইনিংস: ৩০ ওভারে ১৩৫/১ (জয়সওয়াল ৫৭, রোহিত ৫২*, গিল ২৬*; অ্যান্ডারসন ৪-১-৪-০, উড ৩-০-২১-০, হার্টলি ১২-০-৪৬-০, বাশির ১১-২-৬৪-১)