কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ট্যানারীপাড়া এলাকায় মটর সাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামে এক কিশোর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় অপর আরোহী হিমু সরকার (১৬) গুরুতরভাবে আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। দুজনেই আগামী বছর এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার রাত ৮টার দিকে ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতর প্রবেশ করলে মটর সাইকেলসহ দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাদমান সাদিক কুড়িগ্রাম পৌর এলাকার পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আবদুল ওয়াদুদের ছেলে। হিমু সরকার শহরের গাড়িয়ালপাড়ায় ভাড়া থাকে বলে জানা গেছে। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি চট্টগ্রামে এলজিইডি'র একটি প্রকল্পে কর্মরত আছেন। নিহতের বন্ধু সাইনান জানায়, হিমু তার মটর সাইকেল নিয়ে সাদমান সাদিকসহ ধরলা ব্রিজে বেড়াতে যাওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।