বরিশালের আগৈলঝাড়ার বাকাল মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার জায়গার গাছ কেটে নেওয়ার ও একটি ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বিরোধীয় জায়গার দুটি চাম্বল গাছ ১৮ ফেব্রুয়ারী পাকুরিতা গ্রামের নাসির উদ্দিন তালুকদারের লোকজন কেটে নেওয়ার চেষ্টাকরে। ওই গাছ কেটে পাশে মাদ্রাসার একটি টিন সেট ঘরের উপর ফেলে ঘর ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় মাদ্রাসার কমিটির সাধারণ সম্পাদক আক্তার বেপারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদার এর সাথে তার বাড়িতে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য দেয়া যায়নি। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মাহাফুজুর রহমান সাংবাদিকদের বলেন, গাছ কেটে নেওয়ার ও ঘর ভেংগার অভিযোগ পেয়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ মামলা করলে তাদের মামলা নেওয়া হবে।