রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেছেন, জনবল সংকট নিসরন করে প্রতিটি জেলাকে রেল সংযোগের আওতায় আনা হবে। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি ডিজেল ইঞ্জিনের ভারী মেরামতের বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী জানান, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার জনবল সংকট নিরসন, সক্ষমতা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, টিকেট কালোবাজারী রোধ ও সারাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে রেলকে জনপ্রিয় ও লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শনিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের প্রধান রেল ইঞ্জিন মেরামত কারখানা কেলোকা (কেন্দ্রীয় লোকোমোটিভ ওয়ার্কসপণ্ডসিএলডাব্লিউ) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আইন, বিচার ও সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি, রেলপদ মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)’র প্রধান নির্বাহী মো: রফিকুল ইসলামসহ পাকশী-লালমনিরহাট উভয় ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পার্বতীপুরে আসেন। সকাল ৯ টায় তিনি সৈয়দপুর রেলওয়ে খানা পরিদর্শনে যান। রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার পর উত্তরাঞ্চলে এটি তার প্রথম সফর। রেল মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ্দৌলা খান বলেন, পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে পর্যায়ক্রমে তিনি পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন, ঈশ্বরদী লোকোসেড এবং বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় (পাকশী) ও পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিস পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।