সাতক্ষীরার শ্যামনগরের একদল জেলে তাদের জালে আটক একটি জাবা ভোলা মাছ বিক্রি করেছে সাত লাখ ২০ হাজার টাকায়। মঙ্গলবার বিকালে তারা মংলা বন্দরের বড় মাছের আড়ৎ-এ নিজেদের শিকারকৃত ঐ মাছটি বিক্রি করেন। মংলার চিলেবাজার এলাকার ব্যবসায়ী বেলায়েত সরদার সর্বোচ্চ দাম হেঁকে মাছটি কিনে নেন। এর আগে মঙ্গলবার সকালে বিরল ও দুষ্প্রাপ্য ঐ মাছটি বিক্রির জন্য শ্যামনগরের এসব জেলে মংলার উদ্দেশ্যে রওনা যাত্রা করেন। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামের সুজায়েত হোসেন ও শোকর আলীসহ তাদের নয় সহযোগী ৬ ফেব্রুয়ারী সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি নদী থেকে ঐ মাছ শিকার করেন।
বনবিভাগ ও শিকারী জেলেদের সাথে কথা বলে জানা যায় বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ নিয়ে ৪ ফেব্রুয়ারী তারা সুন্দরবনে যায়। দু’দিন পর কলাগাছিয়াসংলগ্ন ফিরিঙ্গি নদীতে তাদের পাতা জালে পুরুষ প্রজাতির ২৪ কেজি চারশ ৬০ গ্রাম ওজনের ঐ মাছটি আটকা পড়ে। সোমবার এলাকায় ফিরে স্থানীয় কলবাড়ি মাছের আড়ৎ-এ নিলেও চার লাখের উপর কেউ ঐ মাছের দাম বলেনি। বাধ্য হয়ে মঙ্গলবার তারা মাছটি নিয়ে মংলার বড় আড়ৎ-এ যেয়ে তা বিক্রি করেছেন।
জেলেদের দলনেতা সুজায়েত হোসেন মানিক জানায় লম্বায় মাছটি চার ফুট। এ ছাড়া চৌদ্দ ইঞ্চি প্রশস্থ ঐ মাছ পুরুষ প্রজাতির হওয়ায় তার এমন চড়া মুল্য। এধরনের মাছে ফুলকা দিয়ে সার্জারী কাজে ব্যবহৃত সুতাসহ গুরুত্বপুর্ন ওষুধ তৈয়ার হয় বলে তিনি দাবি করেন। প্রতি কেজি ৩০ হাজার টাকার দ্বরে তারা মাছটি বিক্রি করেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, দেশের বাইরে এধরনের মাছের ফুলকার ব্যাপক চাহিদা রয়েছে। নিজে না দেখলেও জেলেদের জালে এমন একটি পুরুষ প্রজাতির ভোলা মাছ আটকের খবর তিনি শুনেছেন বলেও জানান।