সুন্দরবন দিবসে সুন্দরবনকে নিরাপদ রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনের দাবিতে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় এ উপলক্ষে শহরের মিনি মার্কেট থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি। সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রফেসর আবদুল হামিদ, প্রফেসর আবদুল অহেদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, এডঃ আজাদ হোসেন বেলালসহ অন্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবনের অস্থিত্বে দক্ষিণে মানুষের ভালোবাসা মমতা লেপ্টে রয়েছে। দক্ষিণের মানুষ বিশ্বাস করে প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবন তাদের মায়ের মতো আগলে রেখেছে। সেই সুন্দরবনকে নিরাপদ রাখতে হবে। এজন্য সুন্দরবনে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। সুন্দরবনের একটি বড় অংশ বাংলাদেশে হওয়ার পরও ভারত মধুতে জিআই সনদ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।