জেলার বিভিন্নস্থানে সরকারি সম্পত্তি বেহাত ও অপদখল হওয়া প্রতিরোধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বরিশাল-৩ সংসদীয় আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু। এছাড়াও তিনি অবৈধভাবে নদী খনন, নদ-নদী থেকে মাটি ও বালু উত্তোলন বন্ধ করা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে পর্যাপ্তসংখ্যক গতিরোধক নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা কামনা করেছেন। রোববার বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টার বক্তব্যে গোলাম কিবরিয়া টিপু এমপি এসব কথা বলেছেন। সভার শুরুতে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল মারুফ বিগত মাসের সংঘটিত অপরাধের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। এরপর তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্ত সমূহের ওপর আলোকপাত করেন। সভার নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি, ভোক্তাস্বার্থ নিশ্চিতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা, জাটকা নিধন ও অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ করা, জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা, পোশাকসহ বিদেশ থেকে পাচারকৃত দ্রব্যাদি জব্দ করতে অভিযান পরিচালনা, সড়ক-মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধ করা, বিকল্প চলাচল পথ নিশ্চিত করে যথাযথভাবে সড়ক ও সেতু সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং জনগুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়ের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার দশ উপজেলার নির্বাহী অফিসারগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, নৌ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, র্যাব-৮, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।