জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, আমরা যদি দেশকে উন্নত করতে চাই, উন্নত দেশের কাতারে নিয়ে চাই, তাহলে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে। অভ্যন্তরীণ রিসোর্স বাড়াতে হলে আয়কর ও ভ্যাটের ওপর আস্থা রাখতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ট্যাক্স নেট বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ নেটের ভেতরে আরও বেশি করদাতাকে নিয়ে আসার কাজটি করছি।
শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ২০২০ সালে আমাদের রিটার্ন সাবমিটকারী করদাতার সংখ্যা ছিল ২১ লাখ। সেটা গত চার বছরে ৩৬ লাখে গিয়ে পৌঁছেছে এবং আগামী জুনে ৪০ লাখের টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেন, কর দাতাদের সংখ্যা বাড়াতে হবে। ভ্যাটও বাড়াতে হবে। চার বছর আগের চেয়ে ট্যাক্সধারী ও ভ্যাটের আওতা বেড়েছে। সামনের দিনগুলোতে আরও বাড়াতে হবে।
প্রাক বাজেট আলোচনা সভায় এনবিআরের সদস্যরা, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এনবিআরের বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তা এবং বরিশালের ছয় জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে এনবিআরের চেয়ারম্যানের কাছে আট দফা দাবি তুলে ধরা হয়। এরমধ্যে প্রতি মাসে ভ্যাট ও রিটার্ন না দিয়ে তিন মাস অন্তর দেওয়া, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানকে করমুক্ত রাখা, ব্যক্তি শ্রেণি করদাতার ওপর বাৎসরিক টার্নওভার ট্যাক্স বিলোপের দাবি অন্যতম।