পুঠিয়ায় মাদ্রাসার নৈশ্য প্রহরীকে চাকরি হতে বরখাস্ত করার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ সূত্রে জানা গেছে, কান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের ফ্যান হারিয়ে যাওয়ার অপরাধ দেখিয়ে নৈশ্য প্রহরী তালিম উদ্দিনের নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। টাকা দিতে না চাইলে চাকরি হতে তাকে বরখাস্ত করার ভয়ভীতিও দেখানো হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি অন্য কাউকে জানালে তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন। নৈশ্য প্রহরি তালিম উদ্দিন বলেন,আমি চাকরি বাঁচাতে নিজের ভিটা জমি অন্য জনের নিকট ৪০ হাজার টাকা বন্ধক রেখে এবং পরবর্তী মাসের ১০ হাজার টাকা বেতন ওঠায়ে ৫০ হাজার টাকা সুপারের হাতে তুলে দিয়েছি। এর আগে সে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেক টাকা নিয়েছে। আমাকে দিন-রাতে ২৪ ঘন্টায় ডিউটি করতে বলেন সুপার। কান্দ্রা দাখিল মাদ্রাসা প্রধান সুপারেন্টেনডেন্ট আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক বুঝতে পেরে কথা না বলে ফোনের লাইনটি কেটে দেয়। তবে মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ বলেন, টাকা লেন-দেনের বিষয়টি আমি জেনেছি। ব্যাপারটি খুবই দুঃখজনক। নৈশ্য প্রহরিকে টাকা ফেরত দেওয়া উচিত। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান বলেন, কান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেনকে আমি অনেক ভালো মানুষ মনে করে ছিলাম। তার ভেতরে এমন কিছু আছে। যা আমি বিশ্বাস করতে পারছি না। তবে অপরাধ করে থাকলে সে অবশ্যই তাকে সাজা পেতে হবে।