আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথমবারের মতো মাঠপর্যায়ে নেমে গণসংযোগ শুরু করেছেন জেলার গৌরনদী উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন মিয়া। শুক্রবার দিনভর তিনি হোসনাবাদ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গৌরনদী উপজেলার একাধিকবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মোঃ শাহে আলম খানের ছোট বোনের জামাতা এবং গৌরনদী পৌরসভার প্রথম প্রশাসক ও নির্বাচিত প্রথম চেয়ারম্যান মরহুম গোলাম সরোয়ার ফারুকের ছোট ভাই মনির হোসেন মিয়া স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। দলের দুর্দীনে তার অসামান্য অবদান রয়েছে। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে গৌরনদী উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনির হোসেন মিয়া নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কোটালীপাড়ার রামশীলে আশ্রয় গ্রহণ করেছিলেন। ওইসময় দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে রামশীলে আশ্রিত নির্যাতিতদের পক্ষে একমাত্র মনির হোসেন মিয়ার দেওয়া বক্তব্য বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলো। বর্তমানে মনির হোসেন মিয়া গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলমত নির্বিশেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হতে পারলে গৌরনদীতে উন্নয়নমূলক কর্মকান্ডকে সুষম বন্টনের আশ্বাস দিয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া।
উল্লেখ্য, এর আগে প্রায় আটজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালালেও নির্বাচনে নৌকা প্রতীক না থাকার ঘোষণার পর পরই অনেক সম্ভাব্য প্রার্থী নিজেদের গুটিয়ে নিয়েছেন। এরমধ্যেই প্রথমবারের মতো নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন মনির হোসেন মিয়া।