শিক্ষা-গণতন্ত্র-মনুষ্যত্ব রক্ষার চারদশক উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল শাখার আয়োজনে নগরীতে লাল পতাকার র্যালি ও অশ্বিনী কুমার টাউন হলের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বিজন সিকদার। বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, বাসদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনিষা চক্রবর্তী, ছাত্র ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ। বক্তারা জাতীয় শিক্ষাক্রম স্থগিত করা, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করা, সন্ত্রাস-দখল দারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা, স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন। এরপূর্বে ছাত্রফন্টের আয়োজনে লাল পতাকার র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।