ভারতের একটি যাত্রীবাহী বিমান মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হয়েছে। আজ রোববার সকালে বাদাখশানের ওয়াখান জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। বাদাখশান প্রদেশে তালেবানের তথ্য ও সাংস্কৃতিক বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবানের তরফ থেকে দাবি করা হয়, বিমানটি ভারতীয় ছিল। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রক বলেছে যে বিধ্বস্ত বিমানটি মরক্কোর নিবন্ধিত বিমান হতে পারে। তবে এই বিমানের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে যাত্রীবাহী বিমানটি তোপখানেহ পর্বতে বিধ্বস্ত হয়ে পড়ে। করণ, মানজান এবং জিবাক জেলা জুড়ে এই পর্বত বিস্তৃত রয়েছে। তালেবানের তথ্য ও সংস্কৃতির দপ্তরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, বিমান ভেঙে পড়ার ঘটনার তদন্ত করতে সেই এলাকায় একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারি সূত্র থেকে কোনো হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ভারতীয় এবং আন্তর্জাতিক উড়ান সংস্থার সকল মস্কোগামী বিমান বিগত দিনে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি হয়ত চার্টার্ড উড়ান ছিল। এমনিতেই বিগত কয়েকদিন ধরেই উত্তর ভারত জুড়ে কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে বিমানের টেকঅফ এবং অবতরণে সমস্যা দেখা দিয়েছে। তবে আফগানিস্তানের আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল, নাকি বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি থাকার জেরে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ওই বিমানে যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা গেলেও তাতে কে ছিলেন, তা এখনও জানা যায়নি।