রাজশাহীর মোহনপুর উপজেলায় গরুবাহী ভটভুটির ধাক্কায় ঘটনাস্থলে শামসুল ইসলাম (৫০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোহনপুর থানার ইন্সপেক্টর মো. আছের আলী বিষটি নিশ্চিত করেছেন। রোববার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১ টার সময় মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বজরপুর ত্রিমোহনী মৌসুমী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শামসুল ইসলাম উপজেলার ত্রিমোহনী মৌসুমি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা হওয়ার সময় পেছন থেকে গরুবাহী ভটভুটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। মোটরসাইকেলটি রাস্তার পশ্চিম পাশে প্রায় ২০ গজ দূরে ছিটকে পড়ে যায়। তবে ভটভুটি পালিয়ে যায়। মোহনপুর থানার ইন্সপেক্টর মো. আছের আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।