পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আলাউদ্দিন (৪৮) নামে এক সবজি ব্যবসায়ীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার সকালে উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের মো. আজাহার আলীর ছেলে ও সবজি ব্যবসায়ী। দায়িত্বরত আনসার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন। এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি মো. নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।