বিমানে দুর্নীতি আছে কিনা সেটি আগে দেখতে হবে। পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে। কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব। শপথ নেওয়ার পর আজ রোববার সকালে প্রথমবার অফিস করতে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। সচিবালয়ে তার সঙ্গে দেখা হয় সাংবাদিকদের। এ সময় তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। উত্তরে বিমানের দুর্নীতি ও সম্ভাবনার কথাগুলো বলেন ফারুক। তিনি বলেন, আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। এখানকার কর্মকা- সম্পর্কে জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরও উন্নতি করা যায় এবং কীভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব। কোনো কর্মপরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কি করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করব। বিমানে অনেক দুর্নীতি আছে, সেটি নিয়ে মন্ত্রী হিসেবে কর্নেল ফারুক খানের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিমানের দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি। ফারুক খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে আমাদের অঙ্গীকারের কথা বলা আছে। আমার প্রথম কাজ হবে এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে তা পূরণ করা। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমার কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স্রে যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরও উন্নত করা এবং নতুন নতুন লাভজনক গন্তব্যে বিমানের রুট চালু করা। ফারুক খান বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে নতুন নতুন পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করার লক্ষ্যে কাজ করবো। পর্যটন শিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বাংলাদেশের পর্যটন উন্নয়নে বেসরকারি খাতে অনেক কাজ হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে একটি স্মার্ট মিনিস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে। উল্লেখ্য, এর আগে মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর সংস্থার প্রধান ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।