এক দফা দাবিতে সরকার পতনের পরবর্তী আন্দোলনের ধারা ঠিক করছে বিএনপি। দলটির নেতৃবৃন্দ প্রায় প্রতিদিনই বৈঠক করছেন। পরে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে দলটি। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। নতুন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন বসছেন। কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যেই আছি। আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ৭ জানুয়ারি পর্যন্ত এক ধারায় হয়েছে, এখন আমরা কোন ধারায় আন্দোলনে যাব, আমাদের সঙ্গে আরও দল রয়েছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। কথা বলার পরে একটা কর্মসূচি ঠিক হয়। সেভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে। অপর আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আন্দোলনের পরিপূর্ণতায় স্রােত আমরা যত বইয়ে দেব, স্রােতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা (সরকার) পরাজিত হবে। আর কখন পরিস্থিতি হবে, সেটা বলা যায় না। শুধু একটা বলা যায়, জনগণের আন্দোলন যদি আদর্শ, ন্যায় ও গণতন্ত্রের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড। এখানে জনগণ পরাজিত না। অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে। কিন্তু তার স্রােতকে আটকে রাখা যাবে না। কোনো না কোনো দিক থেকে এটা প্রতিহত করে এগোবে। অন্য এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, এটা তামাশার নির্বাচন। এটা কোনো সরকার নয়। কীসের মহাযাত্রা, কী হবে। ওটা সরকারের মরণযাত্রা, তারা (আওয়ামী লীগ) করছে। এদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, সাধারণ জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে ডামি সরকার অবৈধ ক্ষমতার উষ্ণতা অনুভব করলেও বর্তমানে দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে কাঁপছে কৃষক-শ্রমিক-দিনমজুর-নিম্ন আয়ের মানুষ। মানুষ যেখানে একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে সেখানে কীভাবে শীতবস্ত্র জোগাড় করবে? তিনি বলেন, ডামি মন্ত্রীরা কী খেয়ে মন্ত্রিত্ব উদযাপন করবেন পত্রপত্রিকায় সেই তালিকা প্রকাশ করলেও বর্তমানে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, দেশের অধিকাংশ মানুষ এখন অনাহারে-অর্ধাহারে। আমি বিএনপি নেতাকর্মীসহ বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।