বাংলাদেশের উত্তরাঞ্চলে শীত অব্যাহত থাকায় সেনা কমান্ডার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন শীতবস্ত্রের পাশাপাশি শীতার্তদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ করেছে।
গত মঙ্গলবার ও আজ বুধবার রংপুর বিভাগের আটটি এবং রাজশাহী বিভাগের জয়পুরহাটসহ নয়টি জেলায় শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দু’দিনে সর্বমোট ৫ হাজার ২০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া এক হাজার ৭০০ জন দরিদ্র ও অসহায় জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।