স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পক্ষে ভোট কেনার অভিযোগে আটক আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোর্শেদকে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডিত মঞ্জুর মোর্শেদ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের কাজীপাড়া প্রথম গলির বাসিন্দা আবদুল মজিদের ছেলে।
কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানিয়েছেন, রোববার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল মতিনের আদালত কারাদন্ডের রায় ঘোষণা করেন।
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, মঞ্জুর মোর্শেদ ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট কিনতে টাকা বিতরণ করেন। স্থানীয়রা তাকে টাকাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) বলেন, শনিবার দিবাগত রাত আটটার দিকে নগরীর জিয়া সড়কের মদিনা মসজিদ এলাকায় টাকা বিতরণ করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে বিভিন্নজনকে টাকা দেওয়ার তালিকা উদ্ধার করা হয়েছে।