শীতের সকালে, ভিআইপি এলাকা ধানমন্ডি ১০ নম্বর নির্বাচনী এলাকায় ভোটারদের কোনো আনাগোনা নেই । সকাল ১১টা নাগাদ তিনটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ৩ থেকে ৪ শতাংশ। ভোটাররা বসে বসে সময় কাটাচ্ছেনপোলিং এজেন্টদের। আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডির ডাক্তার মালিকা কলেজের তিনটি কেন্দ্র ঘুরে দেখা যায় এ চিত্র।
পোলিং এজেন্টদের ভোটারদের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।
একটি কেন্দ্রে দেখা যায়, কোন বুথে ৮ জন, কোথাও ১০ জন, কোথাও ১২ জন ভোট দিয়েছেন। অথচ সেসব বুথে মোট ভোটার ৪৬৮ জন। আরেকটি কেন্দ্রে দেখা যায়, প্রতিটি বুথে ১২ থেকে ১৫টি ভোট পড়েছে।
ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ১১টা পর্যন্ত পাঁচটি বুথে একশোর মতো ভোট পড়েছে। এখানে মোট ভোটার দুই হাজার ৪০৭ জন। কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। তবে কোনো বুথেই নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
কেন্দ্রটিতে ভোট দিতে আসেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মো. জমির। নির্বাচনে ভোটের পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। শীতের সকালে ভোটার কম আসছে। পরে আরো ভোট বাড়বে বলেও আশা করেন তিনি।