ঢাকা: গোপিবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ভর্তি আটজনের কেউ শঙ্কাযুক্ত নন। সবারই শ্বাসনালি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। আজশনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। ডা. সামন্ত লাল সেন জানান, গোপিবাগের ট্রেনে আগুনের ঘটনায় ধাপে ধাপে আটজন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে দুজন দগ্ধ হয়েছেন। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কাযুক্ত বলা যাচ্ছে না। তিনি বলেন, আমাদের এখানে ভর্তি আছেন আটজন। একজনের সর্বোচ্চ, আট শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, সারিয়ে উঠতে সময় লাগবে। তিনি আরও বলেন, কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নন। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবেন তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবেন, তাদের যে মেন্টাল ট্রমা, এটা কবে কাটবে বলা যায় না। আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাঁচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার। চিকিৎসকরা বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপেরোটরি মেডিসিনের চিকিৎসকরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক জেনারেল আসাদুজ্জামান জানান, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।