সাতক্ষীরায় হাফেজ পুত্রকে ঘরের ভিতরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত পিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ধলবাড়িয়া এলাকায় ভূমিহীন বস্তিতে। পিতার দেওয়া আগুনে নিহত শিশুর নাম আরিফ হোসেন (৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াছিন আলীর পুত্র। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধলবাড়িয়া এলাকায় ভূমিহীন বস্তিতে একটি ঘরে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা ছুটে এসে দেখে ইয়াছিন আলীর ঘরে ভিতরে তার ছেলে একা এবং ঘরটি আগুনে দাউ দাউ জ্বলছে। স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভিতরে থাকা শিশু আরিফকে মৃত অবস্থায় উদ্ধার করে সদর থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, ইয়াছিন আলীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন আলীকে আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার এসআই ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়িয়ে ছেলেকে হত্যার অভিযোগে পিতা ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে।