বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই। আমরা রাজপথে থেকেই নির্বাচন বর্জন করবো। তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গণতন্ত্র ও ভোটাধিকারকে নিশ্চিহ্ন করার জন্য এবং রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নাটক মঞ্চস্থ করছে। আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জয়নাল আবদিন ফারুক বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি। বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা রাজপথে আছি, থাকবো। তিনি আরও বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না, করবে না। বর্জন করবে। তিনি বলেন, সংবিধান মানুষের জন্য, দেশের জনগণের জন্য। সে সংবিধান পরিবর্তন করা যায়, পরিবর্ধনও করা যায়। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমরা আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো। এ সময় আরও উপস্থিত ছিলেন- তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক গোলাপ, মোস্তফা কামাল, শাখাওয়াত হোসেন আশিক, টিটু, মোকলেস ও জিয়া প্রমুখ।