পটুয়াখালী-৪ আসনের কলাপাড়ায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে নৌকার প্রার্থী মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান সহ দুই পক্ষের ৭ কর্মী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে
নৌকার সমর্থকরা একটি সাউন্ড বক্স বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তাদের পাশে ঈগল পাখির সমর্থকরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। নৌকার প্রচার মধ্যে হিন্দি গান বাজিয়ে ডিস্টার্ব করতে নিষেধ করেন সোয়েব খান। এ নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।