সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া নামক এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইজিবাইকের ধাক্কায় ভ্যান চালক আবদুর রউফ ওরফে অসীম (৬০) নিহত হন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে। বর্তমানে সে সাতক্ষীরার তুজুলপুর গ্রামের আনার আলীর বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়ার গোপীনাথপুর এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিতির চেকাররা এক ইজিবাইককে লাঠি নিয়ে তাড়াচ্ছিলো। সেই ইজিবাইক চালক দ্রুত পালাতে যেয়ে পার্শ্ববর্তী সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়ায় একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ওই দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যান চালক আবদুর রউফকে কলারোয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।