দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও জাতয়ি পার্টির নেতারা। নির্বাচনের সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের লেকভিউ রিসোর্ট এ- কনভেনশন সেন্টার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদ্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাহারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। তিনি এ সময় অশ্রুসিক্ত নয়নে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় সভানেত্রী যা ভালো মনে করেছেন তিনি সেটা করেছেন। তিনি তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করবেন বলে একাত্মতা ঘোষণা করেন এবং দলমত নির্বিশেষে মহাজোটের প্রার্থী আসাদুজ্জামান আশুকে যেকোন মূল্যে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুর রশিদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক ও জার্তীয় পার্টি সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদসহ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।