সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১৮ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৩ সালের পুণরাবৃত্তির সুযোগ নেই। সেসময় যারা নাশকতা করেছিল তারা ভুল শুধরে নিয়েছে। আমি একটি স্বপ্ন নিয়ে এসেছি। আমাকে কাজ করার সুযোগ দেন। পুলিশ সুপার হিসেবে প্রথম জেলায় কাজ করার সুযোগ পেয়েছি। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। আমি আমার পেশাগত দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা পেলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।