আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়ায় বিজ্ঞ আদালতকে অবজ্ঞা করে সন্ত্রাসী স্টাইলে রেজিস্ট্রি মূলে ক্রয়কৃত সম্পত্তি জবরদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় মাদারবাড়িয়া গ্রামের ইসলাম সানার ছেলে মোস্তাক আহমেদ গোল্ডেন এর বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোস্তাক আহমেদ গোল্ডেন জানান, গত ০৬/০৬/২০০৪ তারিখে ২৪১৪ নং কোবলা দলিলে এবং ২৩/১২/২০০৮ তারিখে ৪১৭১নং রেজিস্ট্রি কোবলা মূলে সর্বমোট সাড়ে ২৩ শতক সম্পত্তি ক্রয় করেন তিনি। সেখান থেকে অদ্যবদি শান্তিপূর্ণভাবে ভোগ দখলসহ বৃক্ষরোপন ও মাছ চাষ করে আসছেন তিনি। ঘটনার দিন বিভিন্ন কাজ-কর্মের জন্য বাড়ি থেকে বাইরে থাকার সুযোগে প্রতিপক্ষ একই এলাকার আবদুল মজিদের ছেলে রায়হান হোসেন, তফিলউদ্দিন গাজীর ছেলে সিয়াম উদ্দিন, গুনাকারকাটি গ্রামের কুরমান মালীর ছেলে হাবিবুল্লাহ সহ তাদের লোকজন বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোল্ডেন এর বাড়ির সম্মুখে নালিশি জমিতে প্রবেশ করে ঘেরাবেড়া দিতে থাকে। ওই সম্পত্তি নিয়ে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান থাকা সত্তেও প্রতিপক্ষ বিচার বিভাগকে অগ্রাহ্য করে অবৈধ দখল করার চেষ্টা অব্যাহত রাখে। একই সাথে নালিশি সম্পত্তির মৎস্য ঘের থেকে জাল দিয়ে আনুমানিক ৫০ সহ¯্রাধিক টাকার মাছ লুট করে। বাড়িতে থাকা গৃহিনীরা মৌখিকভাবে প্রতিবাদ করার চেষ্টা করলে প্রাণে মেরে দেবে বলে হুমকি প্রদান করে। অসহায় ভুক্তভোগী পরিবার তাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।