আগামীকাল ১৬ ডিসম্বের, মহান বিজয় দিবস। দিবসটির সুচনা লগ্নে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের লাখো জনতা। এ সময় ফুলে-ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের মূল বেদী। ইতোমধ্যেই ধোয়া-মোছা ও রংতুলির যাবতীয় কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মহান বিজয় দিবসে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কুটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।
সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তাদেরকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মহান বিজয় দিবসকে স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। ইতোমধ্যে স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রংতুলির কাজ শেষ হয়েছে। তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়ার প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ পুরো স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রূপে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিক আয়নাল, হাফিজসহ আরও অনেকেই জানান, মাসব্যাপী ৮ থেকে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিরবচ্ছিন্নভাবে স্মৃতিসৌধ এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে কর্মরত সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ১৬ ডিসেম্বর উপলক্ষে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ধোয়া-মোছাসহ সব ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে স্মৃতিসৌধে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন বলেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকের পাশাপাশি রয়েছে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি।’