জিরোনা ‘নামে ছোট’ দল হতে পারে, কিন্তু চলতি মৌসুমে তাদের পারফরম্যান্স বিস্ময় জাগানিয়া। দারুণ ছন্দে এগিয়ে চলার পথে তারা সবশেষ বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে। এতে লা লিগার শ্রেষ্টত্বের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে শাভি এর্নান্দেসের দল। তাতে হতাশ হলেও, শিরোপা লড়াইয়ে নতুন প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করতে কার্পণ্য করলেন না বার্সেলোনা কোচ। স্পেনের শীর্ষ লিগে রোববার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে দেয় জিরোনা। আর্তেম দভবিক জিরোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রবের্ত লেভানদোভস্কি। মিগেল গুতেরেসের গোলে আবারও সফরকারীরা এগিয়ে যায়, পরে ব্যবধান বাড়ান ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ে ইলকাই গিনদোয়ান ব্যবধান কমালে শেষমুহূর্তে নাটকীয়তার আভাস মেলে, কিন্তু ক্রিস্তিয়ান স্তুয়ানির লক্ষ্যভেদে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। মৌসুমের শুরু থেকেই একের পর এক চমৎকার সব পারফরম্যান্স উপহার দেওয়া জিরোনার বিপক্ষে মাঠে নামার আগেই তাদের প্রশংসায় ভাসান শাভি। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রতি তার মুগ্ধতা যেন আরও বেড়েছে। “মাঠে জিরোনা যা (যে দারুণ পারফরম্যান্স) করে চলেছে, এর জন্য যথেষ্ঠ মান দলটিতে আছে। তারা এগিয়ে আছে, আজ (রোববার) আরও এগিয়ে গেছে। তারা আমাদের থেকে সাত পয়েন্টে এগিয়ে গেছে এবং তারা এর যোগ্য।” ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিরোনা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রেয়াল মাদ্রিদ। আর সমান ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে তিনে ও বার্সেলোনা চারে। আতলেতিকো অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ঘরের মাঠে এই হারের পেছনে প্রতিপক্ষের শক্তির প্রশংসা করলেও, নিজেদেরও দায় দেখছেন শাভি। “লড়াইটা ছিল সমানে-সমান। বার্সা জিতলেও আমরা সেটাকে ন্যায্য বলতাম। আমার মনে হয় আমরা (গোলের জন্য) ৩১ বার শট নিয়েছি। হয়তো রক্ষণের ভুলগুলোই আমাদের ক্ষতি করেছে।”