রাজধানীতে এলিফ্যান্ট রোড, খিলগাঁও ও গোড়ানে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- তানিয়া আক্তার তানহা (১৩), গৃহবধূ জান্নাত (২২) ও টাইলস মিস্ত্রি আরিফ শিকদার (২৬)। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।গত রোববার রাতে পুলিশ তাদের লাশগুলি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের তছমুল আলীর মেয়ে তানহা। তানহার চাচা মো. এনামুল ইসলাম জানান, তার বাবা-মায়ের বহু বছর আগে বিচ্ছেদ হয়ে গেছে। বর্তমানে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে খালা সুমা আক্তারের বাসায় থাকতো সে। পড়ালেখা করতো না। তিনি আরও জানান, তাদেরই আত্মীয়ের মধ্যে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তানহার। তবে বিষয়টি তানহার পরিবারের কেউই মেনে নিচ্ছিলেন না। সে কারণে বাবার সঙ্গে ফোনে তার রাগারাগি হয়। গত রাত সাড়ে ১০টার দিকে তার খালা দেখতে পান, রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। পরে খবর দিলে নিউমার্কেট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এদিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছইলাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর শিকদারের ছেলে আরিফ। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান কৃষ্ণচূড়া গলির একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন তিনি। টাইলস মিস্ত্রি আরিফের ফুপাতো ভাই রাজীব গাজী জানান, আরিফের স্ত্রী ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকে। গতরাতে আরিফ তার বড় বোনকে ফোন দিয়ে বলতে থাকেন, তিনি কোনো ভুল করে থাকলে তাকে যেন মাফ করে দেয়। এর পরই ফোন কেটে দেন তিনি। পরে তার বোন আরিফকে বারবার ফোন করলেও তিনি রিসিভ করছিলেন না। একপর্যায়ে আরিফের ভগ্নিপতি ওই বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করেন। তবে দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। জানলা দিয়ে দেখেন, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। তখন তারা দরজা ভেঙে আরিফকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মধ্যরাতে পৃথক ঘটনায় থানা পুলিশ দুইটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। অন্যদিকে নিহত জান্নাতের বাবার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। বাবার নাম মো. হান্নান। রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় কালো দাগ রয়েছে বলে দাবি করা হয়েছে।গত রোববার সন্ধ্যায় খিলগাঁও থানার পেছনে এ-ব্লকের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খিলগাঁও থানার এসআই নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে জান্নাতের নিথর দেহ উদ্ধার করা হয়। বাসায় থাকা তার শাশুড়ি এবং দাদি শাশুড়ি দাবি করেছেন, দুপুর জান্নাতের স্বামী রিকশা চালক জুয়েল বাসার বাইরে ছিলেন। আনুমানিক দুইটার দিকে বাসায় তার রুমের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলার ফাঁস দেয় জান্নাত। দেখতে পেয়ে তারা নিজেরাই খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করলে তারা লাশটি আবার বাসায় নিয়ে যান। শাশুড়ি ও স্বামী পুলিশের কাছে আরও দাবি করেছেন, জান্নাত মানসিকভাবে অসুস্থ ছিলে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।