মুলাদীতে হাত বোমা ফাটিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সাঈদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। একই গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে রিয়াজ চৌকিদারের নেতৃত্বে ১৪/১৫জন হামলা চালিয়ে ঘর ভেঙে নিয়েছে বলে অভিযোগ করেছেন সাঈদ ব্যাপারীর স্ত্রী জান্নাত আক্তার। এসময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে কমপক্ষে ৫জন আহত হয়েছে। এঘটনায় শনিবার দুপুরে মামলা হলে মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
জান্নাত আক্তার জানান, জমি নিয়ে আব্দুর রব চৌকিদারের লোকজনের সঙ্গে সাঈদ ব্যাপারীর বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরধরে সাঈদ ব্যাপারীর নামে মিথ্যা মামলা করে তাকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করে। সাঈদ ব্যাপারী না থাকায় শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রিয়াদ চৌকিদার, মিরাজ, নিরব, মিরনসহ ১৪-১৫জন লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীরা হাত বোমা ফাটিয়ে বাড়িতে ঢুকে প্রথমে জান্নাত আক্তারকে মারধর করে বেঁধে ফেলে। পরে বাড়ির একটি টিনের ঘর ভেঙে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিতে গিয়ে রানী বেগম, নাছিমা বেগম, নবীনসহ ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় জান্নাত আক্তার বাদী হয়ে রিয়াদ চৌকিদারসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেছেন। মামলার সূত্রে পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রিয়াদ চৌকিদারকে গ্রেপ্তার করেছে।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ও ঘর ভেঙে নেওয়ার ঘটনায় মামলার ঘটনায় ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।