নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান মেয়েদের ডি/এল মেথডে ৬ রানে হারিয়ে ধবলদোলাই এড়িয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কিউই মেয়েদের বিপক্ষে এটা তাদের প্রথম সিরিজ জয়। এই সফরেই টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড মেয়েদের বিপক্ষে তারা পেয়েছে প্রথম জয়ও। কুইন্সট্উানে নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের শুরুটা একেবারে খারাপ ছিল না। খুব দ্রুত রানের চাকা না ঘুরাতে পারলেও ৯.৫ ওভারে ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়েন মুনিবা আলী এবং সিদরা আমিন। ৩১ বলে ২৭ রান করে ফেরেন মুনিবা। ৪টি চারে ৩৮ বলে ৪৩ রান করেন সিদরা। অধিনায়ক নিদা দর ২৫ করলেও বল খেলেছেন ২০টি। এরপর ফাতিমা সানার ১৩ বলে ১৭* রানের ছোট্ট ক্যামিওতে ১৩৭ হয়েছে পাকিস্তানের স্কোর। নিউজিল্যান্ডের হয়ে এমেলিয়া কের ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ২০ রানে ২ শিকার এডেন কারসনের। রান তাড়ায় বারনাডিন ৪ রান করে আউট হলেও সুজি বাটস ও এমেলিয়া কেরের ব্যাটিংয়ে জয়ের কক্ষপথেই হাঁটতে থাকে নিউজিল্যান্ডের মেয়েরা। দ্বিতীয় উইকেটে তারা দুজন মিলে যোগ করেন ৬৩ রান। ৩১ বলে ৩৫ রান করে কের যখন আউট হন, তখন ১৩.৪ ওভারে কিউইদের রান ৯৪। কিন্তু ১৫ ওভারে ২ উইকেটে তারা ১০১ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৫১ রানে অপরাজিত ছিলেন সুজি বাটস। এই হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের উৎসব করছে পাকিস্তানের মেয়েরাই। হার না-মানা হাফসেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডেন সুজি বাটস। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন পাকিস্তানের ফাতিমা সানা। তিন ম্যাচে ৬ শিকারের পাশাপাশি ব্যাটিংয়ে তিনি করেছেন ২১ রান। ক্রিকইনফো